Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের আবাসিক এলাকায় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের উত্তর মিশিগানের গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টির একটি আবাসিক এলাকায় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এনবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টেক্সাস মিলিটারি ডিপার্টমেন্টের মুখপাত্র জানান, আলপেনার কমব্যাট রেডিনেস ট্রেনিং সেন্টার থেকে উড্ডয়ন করা বিমানটি নিয়মিত প্রশিক্ষণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, পাইলটের অবস্থা স্থিতিশীল। তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

আবাসিক এলাকায় দুর্ঘটনাটি ঘটলেও মাটিতে থাকা কোনো বেসামরিক নাগরিক আহত হননি বলে নিশ্চিত করেছেন ব্লেয়ার টাউনশিপের সুপারভাইজার নিকোল ব্লনশাইন।

দুর্ঘটনার পর রাসায়নিক বা বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটনাস্থলের এক মাইল ব্যাসার্ধের সব বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান খালি করার নির্দেশ দেওয়া হয়। তবে উদ্ধারকাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে ওই উচ্ছেদ আদেশ তুলে নেওয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিকোল কনরাড জানান, বিকট শব্দের পর তিনি আকাশে রঙিন প্যারাশুট এবং পাইলটকে নিচে নেমে আসতে দেখেন। এড উইলসন নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, বিমানটি সোজা নিচের দিকে নেমে যায়। এরপর বিকট বিস্ফোরণের পর কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও বার্তা অনুযায়ী, পাখির আঘাতে বিমানটির ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে টেক্সাস মিলিটারি ডিপার্টমেন্ট। সূত্র: এনবিসি নিউজ

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ