এপস্টিন: যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন আটক, পরে জামিন
যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ও লেবার পার্টির জ্যেষ্ঠ রাজনীতিক পিটার ম্যান্ডেলসনকে গ্রেপ্তার করেছে লন্ডনের পুলিশ। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন–এর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য প্রকাশ্যে আসার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
পুলিশ জানায়, মন্ত্রিসভায় দায়িত্ব পালনকালে অসদাচরণের সন্দেহে ৭২ বছর বয়সী এই সাবেক কূটনীতিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে পৃথক এক বিবৃতিতে জানানো হয়েছে, তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, তবে তদন্ত চলবে।
যুক্তরাজ্যের কূটনৈতিক মহলে ওয়াশিংটনে রাষ্ট্রদূত পদটি অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে বিবেচিত হয়। এপস্টিনের সঙ্গে ম্যান্ডেলসনের যোগাযোগের বিষয়টি স্পষ্ট হতে শুরু করার পর গত সেপ্টেম্বরে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত এক নথিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের মন্ত্রী থাকাকালে তিনি রাষ্ট্রীয় সংবেদনশীল কিছু তথ্য এপস্টেইনের সঙ্গে ভাগাভাগি করেছিলেন। এসব তথ্য যুক্তরাজ্য সরকারকে সরবরাহ করার পর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার–এর প্রশাসন চলতি মাসের শুরুতে বিষয়টি তদন্তে পুলিশের সহায়তা চায়।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সোমবার জানায়, সরকারি দায়িত্বে থাকাকালে অসদাচরণের সন্দেহে একজন সাবেক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে নিশ্চিত করা হয়, ওই ব্যক্তি পিটার ম্যান্ডেলসন।
স্থানীয় সময় সোমবার সকালে সেন্ট্রাল লন্ডনের বাসা থেকে সাদা পোশাকধারী কর্মকর্তারা তাকে নিয়ে যাওয়ার ভিডিওও প্রকাশ পেয়েছে। কর্মকর্তাদের শরীরে ক্যামেরা লাগানো ছিল এবং তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
তবে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া মানেই দোষী সাব্যস্ত হওয়া নয়; তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ঘটনায় ম্যান্ডেলসনের আইনজীবীরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে