বেনজীর জামিন পেলেও দেশে ফেরানোর প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ সংযুক্ত আরব আমিরাতে জামিন পেলেও তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রেখেছে। এ জন্য সংযুক্ত আরব আমিরাতে স্থানীয় আইনজীবী নিয়োগ করা হয়েছে। তাঁর অবস্থান ও চলাচল সম্পর্কেও নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় চলছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বেনজীর আহমদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংসদকে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমদের বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার অনুরোধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালের ১১ এপ্রিল তাঁর বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করে।
মন্ত্রী জানান, ২০২৬ সালের ১২ জুন এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে জানায়, বেনজীর আহমদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে দেশটির ফেডারেল আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর জন্য বাংলাদেশকে অনুরোধ জানানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের অপেক্ষা না করে মাত্র চার দিনের মধ্যে, অর্থাৎ ১৬ জুন সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল অথরিটির কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায় বাংলাদেশ। একই দিন তথ্য ও সমন্বয়ের জন্য অনুরোধের একটি অনুলিপি এনসিবি আবুধাবিতেও পাঠানো হয়।
জামিন পেলেও শেষ হয়নি প্রত্যর্পণ প্রক্রিয়া
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। শুধু ইন্টারপোলের রেড নোটিশ বা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেপ্তারের মাধ্যমে প্রত্যর্পণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী দেশের সেন্ট্রাল অথরিটি ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণের আবেদন, অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তির জামিন পাওয়ার অর্থ বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাহার বা প্রত্যাখ্যান হওয়া নয়। একইভাবে প্রত্যর্পণ সম্পন্ন করতে আইনগত ও বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন ধাপ অতিক্রম করতে হওয়াকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে বিবেচনা করাও যথাযথ হবে না।
মন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথিপত্র পাঠানো হয়েছে। বেনজীর আহমদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সেখানে স্থানীয় আইনজীবী নিয়োগ করা হয়েছে। তাঁর অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় অব্যাহত রয়েছে।
বিদেশে বেনজীরের সম্পদের তথ্য চেয়েছে দুদক
বেনজীর আহমদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বলেও সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, প্রয়োজনীয় রেকর্ডপত্র, তথ্য ও প্রমাণ পাওয়ার পর সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারের বিষয়ে প্রযোজ্য আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনগত সহযোগিতার কাঠামোর আওতায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করেছে। আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি শ্রদ্ধা রেখে বেনজীর আহমদকে দেশে ফিরিয়ে আনার সব ধরনের আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে গত ৮ সেপ্টেম্বর কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে গৃহীত একটি প্রস্তাবে বেনজীর আহমদ কীভাবে দুবাইয়ে জামিন পেলেন এবং তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, সে বিষয়ে সংসদকে অবহিত করার দাবি জানানো হয়েছিল। ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসব তথ্য তুলে ধরেন।
মতামত দিন