Views Bangladesh Logo

সেই ‘সুপারম্যান’ অভিনেতা হচ্ছেন মার্কিন অভিবাসন এজেন্ট

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই) সংস্থায় যোগদানের ঘোষণা দিয়েছেন ডিন কেইন (৫৯), যিনি ১৯৯০'র দশকের “লোইস অ্যান্ড ক্লার্ক: দ্য নিউ অ্যাডভেঞ্চার্স অফ সুপারম্যান” টিভি সিরিজে সুপারম্যানের ভূমিকায় অভিনয় করেছিলেন।

গত বুধবার ( ৬ আগষ্ট) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় কেইন বলেন, ‘আমি মনে করি, শুধু কথা বলার চেয়ে আমাদের প্রথম সাড়াদানকারী বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি এতে যোগ দিচ্ছি।

এ সময় যুক্তরাষ্ট্রের নাগরিকদের আইসিইতে অফিসার হিসেবে যোগদান করার জন্য আহ্বান জানান তিনি। একইসঙ্গে সংস্থাটির বেতন ও সুযোগ-সুবিধার কথাও তুলে ধরেন। পরে ওইদিনই ফক্স নিউজের “জেসি ওয়াটার্স প্রাইমটাইম” অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেইন বলেন, ‘আমি খুব শিগগিরই আইসিই এজেন্ট হিসেবে শপথ নেব।’

তিনি আরও বলেন, ‘এই দেশটি গড়ে উঠেছে দেশপ্রেমিকদের পদক্ষেপের মাধ্যমে, যারা জনপ্রিয় হোক বা না হোক, সঠিক কাজটিকে বেছে নিয়েছেন। আমি বিশ্বাস করি, এটাই সঠিক সিদ্ধান্ত।’

কেইনের এই ঘোষণার পর এক বিবৃতিতে তার প্রশংসা করে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সহকারী নিরাপত্তা কর্মকর্তা ট্রিশা ম্যাকলাফলিন বলেন, ‘আগামী মাসে কেইনকে একজন আইসিই অফিসার হিসেবে শপথবাক্য পাঠ করানো হবে।’

উল্লেখ্য, ডিন কেইন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সরব সমর্থক হিসেবে পরিচিত। তিনি ২০১৬, ২০২০ ও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করেন।

গত মাসে ভ্যারাইটি ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে কেইন বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ভালোবাসি। ওর সঙ্গে আমার বন্ধুত্ব চিরকালের। ট্রাম্প আসলেই অত্যন্ত সহানুভূতিশীল, অসাধারণ এবং উদার একজন মানুষ।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ