সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী একজন সাবেক রাষ্ট্রপতির জন্য প্রযোজ্য সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকারের শেষদিকে, পুরো অন্তর্বর্তী সরকারের মেয়াদে এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস সময়ে সাহাবুদ্দিন সাংবিধানিক বিধি-বিধান মেনেই তার দায়িত্ব পালন করেছেন এবং এ সময়ে তারা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছেন।
তিনি আরও বলেন, ওই সময়কালে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সুরক্ষাপ্রাপ্ত ছিলেন, ফলে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ বা আদালতে মামলা দায়ের করা যায় না। তবে এর বাইরের কোনো সময়ে কেউ কোনো বক্তব্য দিয়ে থাকলে সে বিষয়ে মন্তব্য করার স্বাধীনতা তাদের রয়েছে, যদিও এখন পর্যন্ত আমলে নেওয়ার মতো কোনো বিষয় তারা দেখেননি বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে যারা বক্তব্য দিচ্ছেন, মত প্রকাশের সেই অধিকার তাদেরও রয়েছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষের কথা বলার স্বাধীনতা বজায় থাকার যে প্রত্যাশা ছিল, তা বহাল আছে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সাহাবুদ্দিনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উত্থাপিত হলেও এর মধ্যে আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইনে নির্ধারিত সব সুবিধা পাবেন। তার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টসহ (পিজিআর) ছয় মাসের একটি বিধান রয়েছে।
এছাড়াও পুলিশ ও অন্যান্য সংস্থার মাধ্যমেও তার নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মতামত দিন