জুলাই-ফেব্রুয়ারিতে রপ্তানি আয় বেড়েছে ১১ শতাংশ
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বাংলাদেশের রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশের বেশি বেড়েছে। এই সময়ে দেশ থেকে ৩২.৯৩ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয় যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৯.৫৪ বিলিয়ন ডলার।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগের তথ্য অনুযায়ী, এ বছরের ফেব্রুয়ারি মাসে রপ্তানি হয়েছে ৩.৯ বিলিয়ন ডলার যা গত বছরের ফেব্রুয়ারির ৩.৬ বিলিয়ন ডলারের তুলনায় ৯.৯ শতাংশ বেশি।
তবে এখনো এই মাসের তথ্য প্রকাশ করেনি আনুষ্ঠানিকভাবে মাসিক রপ্তানি প্রতিবেদন প্রকাশকারী সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো।
তথ্য অনুযায়ী, তৈরি পোশাক শিল্প রপ্তানি বৃদ্ধিকে অব্যাহত রেখেছে। এ ছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, গৃহস্থালি টেক্সটাইল, হিমায়িত মাছ এবং প্লাস্টিক পণ্যের রপ্তানিও বেড়েছে।
২০২৫ অর্থবছরের জন্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন ডলার যা গত বছরের তুলনায় ১২.৪৪ শতাংশ বেশি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে