Views Bangladesh Logo

ঢাকা আলিয়া মাদ্রাসার পাশে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার

রাজধানীর পুরান ঢাকায় সরকারি আলিয়া মাদ্রাসার পাশের সড়ক থেকে ‘বোমাসদৃশ’ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুটি পরীক্ষা করে নিষ্ক্রিয় করেন।

শনিবার (৮ আগস্ট) বিকেলে আল্লামা কাশগরী (রহ.) হলসংলগ্ন সড়ক থেকে কালো স্কচটেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করা হয়। বস্তুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেয়।

ডিএমপির লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, কালো স্কচটেপে মোড়ানো একটি বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। পরীক্ষায় বস্তুটি তেমন কিছু নয় বলে জানা যায়।

বোমাসদৃশ বস্তু উদ্ধারের খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে পুলিশ আশপাশের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দেয় এবং সড়কটি বন্ধ রাখে। পরে বস্তুটি নিষ্ক্রিয় করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে সরকারি আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের আবাসিক হলে ওঠাকে কেন্দ্র করেও আগে থেকেই উত্তেজনা ছিল। শুক্রবার ছাত্রশিবিরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর সাড়ে ১২টায় ‘বৈধ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতারা’ সম্মিলিতভাবে মাদ্রাসার আবাসিক হলে উঠবেন।

এই কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যেন তৈরি না হয়, সে জন্য শনিবার দুপুরে বকশীবাজার রোডে আলিয়া মাদ্রাসায় প্রবেশের পথে ব্যারিকেড দেয় পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন বলেন, অস্থিতিশীল পরিবেশ তৈরি না হওয়ার জন্য বকশীবাজার মোড়ে ব্যারিকেড দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ