Views Bangladesh Logo

সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি

সৌদি আরবের রাজধানী রিয়াদে মঙ্গলবার একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সামরিক জোট জানিয়েছে, ইরান-সমর্থিত গোষ্ঠীটির রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানান, তারা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে একটি সতর্কবার্তা পাঠানো হয়। এতে আকাশপথে হামলার আশঙ্কার কথা জানিয়ে তাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।’

এর কিছুক্ষণ পর দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরেকটি বার্তায় জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।

এর আগে সামরিক জোট জানিয়েছিল, রাতের বেলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব গত কয়েক সপ্তাহ ধরে ইয়েমেনের হুতিদের প্রায় প্রতিদিনের হামলার মুখে রয়েছে। দীর্ঘদিনের সংঘাতের মধ্যে চলা যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে যাওয়ার পর এসব হামলা শুরু হয়।

রোববার রিয়াদের বাণিজ্যিক এলাকায় হামলার দাবি করে হুতিরা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ওই হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার একটি চেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষেপণাস্ত্রের বিস্ফোরিত অংশের ধ্বংসাবশেষ পড়ে ভবনটির সামান্য ক্ষতি হয়েছে।

মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত ছবিতে দেখা যায়, রিয়াদ অঞ্চলের উপগভর্নর ও অন্যান্য কর্মকর্তা ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করছেন। ভবনটির কয়েকটি তলায় দৃশ্যমান ক্ষতির চিহ্ন রয়েছে।

হুতিরা এর আগেও বারবার আরামকোর তেলবাহী জাহাজ, তেল শোধনাগার, তেল সংরক্ষণাগার এবং কোম্পানিটির প্রধান কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে।

২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর কয়েক মাস আগে গোষ্ঠীটি ইয়েমেনের রাজধানী সানা দখল করে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ