Views Bangladesh Logo

কাতারের বৃহৎ গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ, আহত অর্ধশতাধিক

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের প্রধান শিল্পাঞ্চল রাস লাফফান গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে কাতারের উত্তরাঞ্চলের রাস লাফফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় রাজধানী দোহাসহ আশপাশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয় এবং বহু বাসিন্দা প্রথমে এটিকে ভূমিকম্প বা হামলার ঘটনা বলে মনে করেন।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি কারিগরি ত্রুটির কারণে শিল্পাঞ্চলের একটি স্থাপনায় বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার পরপরই সিভিল ডিফেন্স, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় গ্যাস বা অন্য কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থের লিকেজের প্রমাণ পাওয়া যায়নি। ফলে দুর্ঘটনাস্থলের বাইরের জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো স্বাস্থ্যঝুঁকি নেই।

রাস লাফফান কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলটি বিভিন্ন নিরাপত্তা ও অবকাঠামোগত চ্যালেঞ্জের মুখে পড়েছে। সর্বশেষ বিস্ফোরণের কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: গালফ নিউজ ও সিনহুয়া

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ