ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
ভারতের উত্তর প্রদেশে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জনের বেশি।
সোমবার (৩১ আগস্ট) রাজ্যের কৌশাম্বি জেলার মনোড়ী গ্রামে এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজ্যটির রাজধানী লক্ষ্ণৌ থেকে প্রায় ২০৫ কিলোমিটার দক্ষিণে ওই গ্রামের অবস্থান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত শিশুদের বয়স ৪ থেকে ১৩ বছরের মধ্যে।
কৌশাম্বি জেলার জেলা ম্যাজিস্ট্রেট অমিত পাল জানান, উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণে ১৮ জনের বেশি আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে আতশবাজি কারখানাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি এর আশপাশের পাঁচ থেকে ছয়টি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে বিস্ফোরণের কারণে দিল্লি-হাওড়া রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়ত হয়।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সূত্র: সিনহুয়া, হিন্দুস্তান টাইমস
মতামত দিন