Views Bangladesh Logo

বলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

বলিভিয়ার একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দেশটির রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ভিয়াচা পৌরসভার একটি সামরিক ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আতশবাজি ও পাইরোটেকনিক সামগ্রী মজুতের গুদাম থেকে এই বিস্ফোরণের সূত্রপাত ঘটে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভিয়াচার স্বাস্থ্য পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় টেলিভিশনকে জানান, এ ঘটনায় ১০ থেকে ১৫ জন প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং অন্তত ৬২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় লা পাজের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যাদের মধ্যে তৃতীয় ডিগ্রির দগ্ধ এক শিশুও রয়েছে।

পুলিশের তথ্যমতে, বিস্ফোরণে সামরিক ঘাঁটির আশপাশের বাড়িঘরের জানালার কাঁচ ভেঙে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে অংশ নেয়।

অগ্নিনির্বাপক বাহিনীর বরাত দিয়ে রিতা নেব্রাস্কা আরও জানান, ঘটনাস্থলে এখনো অতিরিক্ত তাপ বিদ্যমান থাকায় পুনরায় বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ