Views Bangladesh Logo

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে গত বছরের গণবিক্ষোভে প্রাণঘাতী দমন-পীড়নের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে রাজধানী কাঠমন্ডু থেকে তাকে আটক করা হয়। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেপ্তার করা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে দেশজুড়ে ছড়িয়ে পড়া গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে অন্তত ৭০ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বিক্ষোভকারী।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকে শুরু হওয়া এই আন্দোলনের পেছনে ছিল দুর্নীতি ও দুর্বল অর্থনীতি নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ।

কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাদের গ্রেপ্তার করা হয়েছে, তবে এখনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি। তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতেই এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়েছে।

তদন্তে সাবেক প্রধানমন্ত্রী ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ফৌজদারি অবহেলা’র দায়ে অভিযুক্ত করে বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়। একই সঙ্গে সাবেক পুলিশ প্রধান চন্দ্র কুবের খাপুংকেও গ্রেপ্তারের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে এর আগে ওলি এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন, এটি তার বিরুদ্ধে ‘চরিত্রহনন ও ঘৃণ্য রাজনীতি’র অংশ।

এদিকে নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ দায়িত্ব গ্রহণের একদিন পরই এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে, যা দেশটির রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়—এটি প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার সূচনা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ