Views Bangladesh Logo

জামিনে কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্মকর্তার সঙ্গে অসদাচরণের অভিযোগে করা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তিনি মুক্তি পান। কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আখতারুজ্জামানের মুক্তির খবর পেয়ে তাঁকে শুভেচ্ছা জানাতে কারাফটকে উপস্থিত হন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও সেখানে ছিলেন। কারাগার থেকে বের হওয়ার পর তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান নেতারা।

এর আগে গত রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আখতারুজ্জামানকে জামিন দেন।

গত ২ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৩৮ ফ্লাইটের লাগেজ পেতে বিলম্ব হওয়ায় কয়েকজন যাত্রী ক্ষুব্ধ হন। এ পরিস্থিতিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে আখতারুজ্জামান তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়। এ সময় তাঁকে গালিগালাজ, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং মারধরের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। একই ঘটনায় বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করার কথা এজাহারে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগ দেন সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ