Views Bangladesh Logo

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। তাঁর বয়স ২৪ বছর।

ডিবি সূত্রে জানা গেছে, ডরিনের স্থায়ী বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তিনি রাজধানীর লালমাটিয়া এলাকায় বসবাস করতেন। বুধবার দিবাগত রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ঠিক কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি সূত্র।

২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে আনোয়ারুল আজীম আনার নিখোঁজ হওয়ার পর আলোচনায় আসেন তাঁর মেয়ে ডরিন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। পরে আনার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন ডরিন।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়ে নিখোঁজ হন তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পরে তাঁর হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ্যে আসে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ