বিজেপি টাকা দিয়ে বুথফেরত জরিপ দেখিয়েছে: মমতার ভিডিও বার্তা
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দুই দফা ভোটগ্রহণ শেষে অধিকাংশ বুথফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার খবরের মধ্যে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তার দাবি, বিজেপি টাকা দিয়ে বুথফেরত জরিপ দেখাতে 'বাধ্য' করেছে। ২৯৪ বিধানসভা আসনের মধ্যে সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে বেশি, অন্তত ২২৬টি আসনে তৃণমূলই জিতবে বলে তিনি আত্মবিশ্বাসী।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় মমতা বলেন, 'টিভিতে যা দেখাচ্ছে, সেটা বিজেপি অফিস থেকে বুধবার বেলা ১টা ৮ মিনিটে ছড়িয়ে দেওয়া হয়েছে। টাকা দিয়ে লেখানো হয়েছে।'
১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা এই নেত্রী বলেন, 'আমরা ২৩০টি আসনও পেয়ে যেতে পারি। মানুষ যেভাবে বিপুলভাবে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে।'
নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের 'যৌথ অত্যাচার' তৃণমূল কর্মীদের সহ্য করতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ভোটার ও দলীয় কর্মীদের ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, 'এত রোদে, এত অত্যাচার সহ্য করেও আপনারা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ।'
তিনি আরও বলেন, 'কেন্দ্রীয় বাহিনী গতকাল যে আচরণ করেছে, নতুন নিযুক্ত পুলিশ সদস্যরা মেয়েদের ও শিশুদের মেরেছেন। উদয়নারায়ণপুরে যে ব্যক্তি ভোট দিতে গিয়ে মারা গেছেন, তার পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার নেই।'
বুথফেরত জরিপের দিকে ইঙ্গিত করে মমতা বলেন, 'বিজেপি গণমাধ্যমকে দিয়ে শেষ খেলাটা খেলেছে, যাতে আমাদের কর্মীদের মনোবল ভেঙে যায়। ২০১৬ ও ২০২১ সালেও একই ঘটনা ঘটেছিল।' ভারতে বর্তমানে 'নিরপেক্ষতা বলে কিছু নেই' বলেও দাবি করেন তিনি।
বুধবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পরই সন্ধ্যা থেকে বুথফেরত জরিপের ফল প্রকাশিত হতে শুরু করে। অধিকাংশ জরিপেই ইঙ্গিত দেওয়া হচ্ছে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে বিজেপি। রাজ্যে সরকার গড়তে প্রয়োজন নূন্যতম ১৪৮টি আসন, আর অধিকাংশ জরিপে বিজেপি ১৫০ পেরিয়ে গেছে বলে দেখানো হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে