Views Bangladesh Logo

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। দেশজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর রোববার এ তথ্য নিশ্চিত করা হয়। এ খবর প্রকাশ করেছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

পরিচয় প্রকাশ না করার শর্তে উপদেষ্টা জানান, তিনি সরাসরি আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি বলেন, 'আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি একদম ভালো আছেন।'

উপদেষ্টা আরও জানান, শনিবার আহমাদিনেজাদের নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়। এতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পস (আইআরজিসি)-এর তিন সদস্য নিহত হন, যারা সাবেক প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে আহমাদিনেজাদের নিজস্ব বাসভবনটি ওই ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে হলেও সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং ভবনটি পুরোপুরি অক্ষত রয়েছে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয় যে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আহমাদিনেজাদ নিহত হয়েছেন। তবে তার উপদেষ্টার বক্তব্যে সেই গুঞ্জনের অবসান ঘটেছে।

উল্লেখ্য, আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ