Views Bangladesh Logo

তুরাগ নদ থেকে ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখান এলাকায় তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে বুধবার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর এক আত্মীয়কে খবর দেওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, তাহসিফ সাউরির মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে তাহসিফ সাউরির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। কয়েকটি পোস্টে দাবি করা হচ্ছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের সময় উড়োজাহাজে ওঠার যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, সেটি ধারণ করেছিলেন তাহসিফ। তবে নৌ পুলিশ এ দাবির সত্যতা নিশ্চিত করেনি।

তাঁর মৃত্যুর সঙ্গে ওই ভিডিও ধারণ বা প্রকাশের কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একইভাবে তাঁর মৃত্যুর কারণ ও এর পেছনের পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ