Views Bangladesh Logo

সাবেক সিটিটিসি প্রধানসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

গাজীপুরের ইবনে মাসউদ মাদরাসার অধ্যক্ষ আবুল হোসেন আল আমিনকে অপহরণ, নির্যাতন, হত্যা ও মরদেহ গুমের অভিযোগে সিটিটিসির সাবেক প্রধান আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ অভিযোগ দাখিল করা হয়।

তদন্ত সংস্থার দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে করা এ অভিযোগে ওই পাঁচ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এর আগে গত মাসে মামলাটির তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হয়। তদন্তে তৎকালীন সিটিটিসি প্রধান আসাদুজ্জামান, এডিসি ইশতিয়াক আহমেদ এবং তৎকালীন পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান মিয়াসহ পাঁচজনের সংশ্লিষ্টতার কথা উঠে আসে।

তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩০ জানুয়ারি ডিবি পুলিশের পরিচয়ে গাজীপুরের ইবনে মাসউদ মাদরাসা থেকে অধ্যক্ষ আবুল হোসেন আল আমিনকে তুলে নেওয়া হয়। এর পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তদন্তে বলা হয়েছে, এর আগে ২৮ জানুয়ারি দেশের বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছিল সিটিটিসি। তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই আল আমিনকে আটক করা হয়।

তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইশতিয়াক আহমেদের নেতৃত্বে সিটিটিসির একটি দল আল আমিনকে আটক করে ঢাকার মিন্টো রোডে ইউনিটটির কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তাঁকে ১৮ দিন ধরে শারীরিক নির্যাতন করা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, আল আমিনের মৃত্যুর বিষয়টি আড়াল করতে তাঁর মরদেহ কেরানীগঞ্জের তুলসীখালী সেতু এলাকা থেকে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়। দীর্ঘদিন তাঁর কোনো সন্ধান না পাওয়ার পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হলে অপহরণ, নির্যাতন ও মৃত্যুর এসব তথ্য সামনে আসে।

তদন্তে সংগৃহীত তথ্য, সাক্ষীদের বক্তব্য ও অন্যান্য উপাদানের ভিত্তিতে পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, এ ঘটনায় প্রত্যক্ষদর্শীসহ ৩০ জনের বক্তব্য নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হতে পারে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ