হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার

হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে এক মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এ আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুলাই) ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
মামলার নথি সূত্রে জানা যায়, এ মামলায় সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ২ জুলাই আদালতে আবেদন করেন বনানী থানার মামলার তদন্ত কর্মকর্তা। প্রাথমিকভাবে গত ৬ জুলাই শুনানির দিন ধার্য থাকলেও মামলার নথিপত্র না পাওয়ায় তা পিছিয়ে আজ বুধবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মহাখালীর সেতু ভবন এলাকা থেকে বিক্ষোভকারীদের একটি মিছিল শাহবাগের দিকে যাওয়ার সময় হামলার শিকার হয়। অভিযোগে বলা হয়, নির্বিচারে গুলি, ককটেল ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে ২৫ থেকে ৩০ জনকে আহত করা হয়, যাদের মধ্যে মামলার বাদী উজ্জ্বল মিয়াও ছিলেন। পরবর্তীতে বনানী থানায় এ বিষয়ে একটি হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতারের পর থেকেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে রয়েছেন। উচ্চ আদালত থেকে একাধিক মামলায় জামিন পেলেও, নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে তিনি কারামুক্ত হতে পারছেন না।
এর আগে, গত ২৮ এপ্রিল আপিল বিভাগ যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঁচটি মামলাসহ মোট আটটি মামলায় তাঁর জামিন বহাল রেখেছিলেন।
মতামত দিন