Views Bangladesh Logo

নির্বাচনে রিপাবলিকানরা জিতলে প্রতিটি আমেরিকান পাবেন ৫ হাজার ডলার: ট্রাম্প

আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও উচ্চকক্ষ সেনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের ড্যালাসে অনুষ্ঠিত রিপাবলিকান পার্টির মধ্যবর্তী কনভেনশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই ঘোষণা দেন। আগামী নভেম্বরের নির্বাচনে নিজ দলের সম্ভাব্য রাজনৈতিক বিপর্যয় এড়াতে এটি ট্রাম্পের এক চরম বাজি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ট্রাম্প বলেন, ‘যদি নির্বাচনে রিপাবলিকানরা জেতে, আপনারাও আমাদের সঙ্গে জিতবেন এবং ৫ হাজার ডলার পাবেন। এটিকে ‘ট্রাম্প লভ্যাংশ’ বলা হবে।’

দেশের বর্তমান অর্থনৈতিক শক্তি ও সাফল্যকে উদাহরণ হিসেবে টেনে এই অর্থ বিতরণকে একটি করপোরেট প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার সঙ্গে তুলনা করেন তিনি।

তবে ট্রাম্পের এই ঘোষণার পরপরই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিষয়টিতে কিছুটা সংশোধনী আনার চেষ্টা করেন। তিনি জানান, এই লভ্যাংশ ধনাঢ্য ব্যক্তিদের দেওয়া হবে না এবং এই অর্থের সংস্থান মার্কিন শুল্ক রাজস্ব থেকে হতে পারে। যদিও যুক্তরাষ্ট্রের সংগৃহীত মোট শুল্ক রাজস্বের তুলনায় প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ বহু গুণ বেশি।

অন্যদিকে এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে অর্থনীতিবিদদের মতে, অবাস্তব বলে মনে হওয়া এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে অন্তত ১ ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারেরও বেশি অর্থের প্রয়োজন হবে, যা পাসের জন্য কংগ্রেসের অনুমোদন আবশ্যক। এতে করে দেশটির বার্ষিক প্রায় ১.৮ ট্রিলিয়ন ডলারের বাজেট ঘাটতি আরও বাড়বে এবং মূল্যস্ফীতি সংক্রান্ত উদ্বেগ তৈরি করবে।

এ ব্যাপারে ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা 'কমিটি ফর এ রেসপন্সিবল ফেডারেল বাজেট'-এর সিনিয়র পলিসি ডিরেক্টর মার্ক গোল্ডউইন বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া জনগণের কাছে এভাবে অর্থ পাঠানোর কোনো আইনি এখতিয়ার ট্রাম্পের নেই।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কাঁধে বর্তমানে ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ রয়েছে। বিলিয়ে দেওয়ার মতো কোনো উদ্বৃত্ত অর্থ দেশের তহবিলে নেই।

উল্লেখ্য, ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস এবং ইরানে চলমান যুদ্ধের কারণে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস ও সেনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে চরম চ্যালেঞ্জের মুখে রয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি।

সূত্র: এপি


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ