ইভ্যালির এমডি রাসেলের জামিন
চেক প্রতারণার মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেলকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন রাসেল। অপরদিকে মামলার বাদী জামিনের বিরোধিতা না করে আপসের শর্তে মামলা প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে আদালত রাসেলের জামিন মঞ্জুর করেন। একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অপর আসামি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এদিন আদালতে হাজির হননি।
বাদীপক্ষের আইনজীবী সাদিকুর রহমান তমাল ভিউজ বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৫ জানুয়ারি একই আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তার আগে এ মামলায় তাদেরকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। ওইদিন আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ মার্চ মামলার বাদী তানভীর হোসেন বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কেনা বাবদ ২ লাখ ৪৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন। তবে নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও আসামিরা তা সরবরাহ করতে ব্যর্থ হন। ওই বছরের ১৩ সেপ্টেম্বর ইভ্যালি পণ্যের সমমূল্যের একটা চেক দেন। এরপর চেকটি নগদায়নের জন্য একাধিক ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়। এ বিষয়ে সর্বশেষ গত বছরের ২২ অক্টোবর তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। পরবর্তীতে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শামীমা নাসরিন ও মো. রাসেলের বিরুদ্ধে মামলা করেন তানভীর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে