Views Bangladesh Logo

সরকারি ক্রয়ে সমান প্রতিযোগিতার সুযোগ চায় ইইউ

সরকারি ক্রয়ের ক্ষেত্রে সব দেশের প্রতিষ্ঠানের জন্য সমান প্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একইসঙ্গে সরকারি ক্রয়ের সিদ্ধান্ত বাণিজ্যিক যোগ্যতার ভিত্তিতে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

ইইউর রাষ্ট্রদূত মাইক মিলার বলেছেন, এয়ারবাসের প্রস্তাব অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইইউর রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশনসহ জোটটির ২৭টি সদস্য দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইইউর রাষ্ট্রদূত।

বাংলাদেশ ও ইইউর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং ইইউর উত্থাপিত বিভিন্ন নন-ট্যারিফ বাধা দূর করার অগ্রগতি নিয়ে আলোচনা করতে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বাংলাদেশ ও ইইউর বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন প্রতিবন্ধকতা, অশুল্ক বাধা দূর করা এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সরকারি ক্রয়ের বিষয়ে ইইউর অবস্থান তুলে ধরে মাইক মিলার বলেন, সব দিক থেকে একটি সমান প্রতিযোগিতার ক্ষেত্র থাকা প্রয়োজন। সরকারি ক্রয়ের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা বাণিজ্যিক যোগ্যতার ভিত্তিতে নেওয়া উচিত।

এতে ইইউর অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো যেকোনো দেশের প্রতিষ্ঠানের সঙ্গে সক্ষমতার ভিত্তিতে প্রতিযোগিতা করতে পারবে। এ ধরনের প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের করদাতাদের অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন পে-স্কেলের সুবিধা
সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন পে-স্কেলের সুবিধা

এয়ারবাসের প্রস্তাব প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূত বলেন, আমাদের দৃষ্টিতে, এয়ারবাসের প্রস্তাব অত্যন্ত প্রতিযোগিতামূলক। এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আমরা এয়ারবাস ও বিমানের মধ্যে আলোচনা খুব দ্রুত শেষ হওয়ার অপেক্ষায় রয়েছি।

বৈঠকে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে ইইউর চলমান সহযোগিতা নিয়েও আলোচনা হয়। মাইক মিলার বলেন, এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সময় বিনিয়োগ প্রয়োজন। আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থা যখন নানা ধরনের চাপের মুখে, তখন বাংলাদেশের নির্ভরযোগ্য অংশীদার প্রয়োজন।

তিনি বলেন, আমরা আপনাদের নির্ভরযোগ্য অংশীদার। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, ন্যায়সংগত ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিশ্বাস করি এবং বহুপক্ষীয় ব্যবস্থায় বিশ্বাস করি।

বাংলাদেশের সবুজ ও ডিজিটাল রূপান্তরেও সহযোগিতা বাড়াতে ইইউ আগ্রহী বলে জানান মাইক মিলার। এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ