ট্রাম্পের ‘হস্তক্ষেপে’ বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের অভিযোগে মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একদল আইনপ্রণেতা।
গত ১ জুলাই বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন বালোগুন। তবে পরে ফিফা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তিনি পরবর্তী ম্যাচে মাঠে নামার সুযোগ পান।
এক যৌথ বিবৃতিতে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুজ, লারা ওলটার্স এবং নিলস ফুগলসাং এই সিদ্ধান্তকে ‘ক্রীড়া ন্যায়বিচারের প্রহসন’ বলে উল্লেখ করেন। তাদের অভিযোগ, রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেই ফিফা এই সিদ্ধান্ত নিয়েছে।
আইনপ্রণেতারা ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল সংস্থাকে ফিফার নৈতিকতা কমিটির মাধ্যমে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের আবেদন জানানোর আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজনৈতিক প্রভাব ছিল কি না, তা খতিয়ে দেখা উচিত।
এছাড়া ফিফার রাজনৈতিক নিরপেক্ষতা নিয়েও পর্যালোচনার দাবি জানিয়েছেন তারা। বিশেষ করে, ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা পিস প্রাইজ’ দেওয়ার সিদ্ধান্তও তদন্তের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
মতামত দিন