ইরানবিরোধী মার্কিন ‘ইকোনমিক আউটকাস্ট’ অভিযানে যোগ দিলো ইইউ
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
বেসেন্ট বলেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে ইইউর দৃঢ় ও আগাম সমর্থনকে স্বাগত জানায় ওয়াশিংটন। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে নিয়ে ইরান যাতে বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে পারমাণবিক কর্মসূচি, অস্ত্র উৎপাদন এবং সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়নে ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতে কাজ করছে।
মার্কিন অর্থমন্ত্রীর দাবি, ইরানের জন্য আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় অবশিষ্ট আর্থিক পথগুলোও বন্ধ না হওয়া পর্যন্ত চাপ অব্যাহত থাকবে। গত ২৪ আগস্ট যুক্তরাষ্ট্র ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু করে। এর লক্ষ্য ইরানের তেল বিক্রি, অর্থ লেনদেন, জাহাজ চলাচলসহ বিভিন্ন খাতের মাধ্যমে দেশটির রাজস্ব প্রবাহ সীমিত করা এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে তেহরানকে বিচ্ছিন্ন করা।
অভিযানের আওতায় এরই মধ্যে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানের সঙ্গে ব্যবসা বা আর্থিক লেনদেনে যুক্ত বিদেশি প্রতিষ্ঠান ও দেশগুলোর বিরুদ্ধেও মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়ানো হয়েছে। ব্যাংক, তেল বাণিজ্য, জাহাজ পরিবহন, স্বর্ণ, প্রযুক্তি ও ডিজিটাল সম্পদসহ একাধিক খাতকে এর আওতায় আনার কথা জানিয়েছে ওয়াশিংটন।
ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ানোর পক্ষে অবস্থান নেওয়ার কথা এর আগে জানিয়েছিল ইইউও। ইউরোপীয় কমিশন বলেছে, ইরানকে তার অস্থিতিশীল কর্মকাণ্ড বন্ধ করে শান্তি আলোচনায় আন্তরিকভাবে যুক্ত হতে চাপ দিতে অতিরিক্ত অর্থনৈতিক পদক্ষেপকেও সমর্থন করা হবে। একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা, উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছে জোটটি।
এদিকে, ইরানের অর্থনীতিতে মার্কিন চাপের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রও আশাবাদী। বেসেন্ট এর আগে বলেছিলেন, দেশটির অর্থনীতি কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে বড় ধরনের সংকটে পড়তে পারে। তবে ইরানের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার বিষয়টিও পশ্চিমা দেশগুলোর বক্তব্যে গুরুত্ব পাচ্ছে।
মতামত দিন