হরমুজ প্রণালিতে নৌ-চলাচলে বাধা: ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞা
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (৮ জুন) ব্রাসেলসে ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস এই তথ্য নিশ্চিত করেছেন।
এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে কালাস বলেন, মধ্যপ্রাচ্য বারবার শান্তি আলোচনা ও ভঙ্গুর যুদ্ধবিরতির এক অসহনীয় চক্রে আটকে আছে। হরমুজ প্রণালিতে তেহরানের ড্রোন হামলা সামুদ্রিক যোগাযোগের জন্য মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, ইইউভুক্ত দেশগুলোর মন্ত্রীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইরানের এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এই প্রতিবন্ধকতা সৃষ্টির সাথে জড়িত ইরানের বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ শাখার মুখপাত্র মোহাম্মদ আকবরজাদেহ-কে কালো তালিকাভুক্ত করা হয়েছে। পাশাপাশি ইরানের তেল রপ্তানিকারক ইউনিয়নের প্রতিনিধি হামিদ হোসেইনি-র সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাঁর ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই পদক্ষেপের ফলে নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তি ও সংস্থার সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ২৬ জন ব্যক্তি ও ২৭টি সত্তায়।
কাজা কালাস উল্লেখ করেন, নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষায় ইইউর নতুন নিষেধাজ্ঞা নীতি এই প্রথমবারের মতো প্রয়োগ করা হলো।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালি মূলত বন্ধ হয়ে আছে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান এই পথে জাহাজ চলাচলে বাধা দেওয়া শুরু করে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এর ফলে এই অবরোধ বৈশ্বিক জ্বালানি ও পণ্যবাজারে ব্যাপক অস্থিরতা তৈরি করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে