Views Bangladesh Logo

মমতার আমলে নিয়োগ পাওয়া আমলাদের অফিসে প্রবেশে নিষেধাজ্ঞা

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের আগে প্রশাসনিক পর্যায়ে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন দপ্তরে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নিযুক্ত অবসরপ্রাপ্ত আমলাদের অফিসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার থেকে ওইসব কর্মকর্তাদের আর দপ্তরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নির্দেশটি সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের মৌখিকভাবে জানানো হয়েছে।

এ বিষয়ে মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা নির্দেশনা জারি করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সরকারি সূত্রে জানা গেছে, বিভিন্ন দপ্তরে উপদেষ্টা হিসেবে থাকা কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইতোমধ্যে পদত্যাগ করেছেন এবং সরকারি বাসভবনও ছেড়ে দিয়েছেন।

এছাড়া মুখ্যসচিব সব দপ্তরকে গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং কোনো অবস্থাতেই নথি দপ্তরের বাইরে নেওয়া যাবে না বলে জানানো হয়েছে।

আর্থিক উপদেষ্টাদেরও নথি তালিকা প্রস্তুত ও প্রশাসনিক কাজে নজরদারি বাড়াতে বলা হয়েছে।

ভারতীয় রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের পর এ সিদ্ধান্তকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বড় জয় পেয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেস তুলনামূলকভাবে কম আসন পেয়েছে।

আগামী ৯ মে নতুন সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ