Views Bangladesh Logo

কেইনের পেনাল্টি গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে এগিয়ে গেছে ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন অধিনায়ক হ্যারি কেইন।

বৃস্পতিবার (১৮ মে) বাংলাদেশ সময় রাত ২ টায় ডালাসে অনুষ্ঠিত ম্যাচের নবম মিনিটে ইংল্যান্ডের আক্রমণভাগের খেলোয়াড় ননি মাদুয়েকেকে নিজেদের পেনাল্টি বক্সের ভেতরে ফাউল করেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান ম্যাচের রেফারি।

স্পটকিক নিতে এসে কোনো ভুল করেননি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দলকে ১-০ গোলের লিড এনে দেন তিনি। গোলটি করার মাধ্যমে বিশ্বকাপ মিশনের শুরুতেই নিজের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রমাণ রাখলেন এই তারকা স্ট্রাইকার।

গোল হজমের পর ম্যাচে ফেরার জন্য আক্রমণের গতি বাড়ায় ক্রোয়েশিয়া। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায় তারা এবং কয়েকবার ইংল্যান্ডের রক্ষণভাগে চাপও সৃষ্টি করে। তবে ইংলিশ ডিফেন্ডাররা দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি সামাল দেন। পাশাপাশি গোলরক্ষকের সতর্ক উপস্থিতিও ক্রোয়েশিয়াকে সমতায় ফিরতে দেয়নি।

অন্যদিকে এগিয়ে যাওয়ার পরও রক্ষণাত্মক না হয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। কেইন, মাদুয়েকে এবং সতীর্থদের সমন্বিত আক্রমণে আরও গোলের সুযোগ তৈরির চেষ্টা চালিয়ে যায় তারা।

বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড। সেই মিশনের প্রথম ধাপেই দলকে এগিয়ে দিয়ে সমর্থকদের স্বস্তি এনে দিয়েছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য গোলদাতা হ্যারি কেইন। ম্যাচের বাকি সময়েও এই লিড ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্য থাকবে ইংলিশদের।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ