৬ দশকের আক্ষেপ মেটাতে বিশ্বকাপ মিশনে নামছে ইংল্যান্ড
১৯৬৬ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পর আর কখনও ফুটবলের সবচেয়ে বড় শিরোপা ছুঁতে পারেনি ইংল্যান্ড। ছয় দশক ধরে সেই আক্ষেপ বয়ে বেড়ানো দলটি এবার উত্তর আমেরিকা বিশ্বকাপে নতুন করে স্বপ্ন দেখছে। সেই অভিযানের শুরুতেই তাদের প্রতিপক্ষ ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।
ডালাসে বাংলাদেশ সময় বুধবার রাত ২টায় ‘এল’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া ইংল্যান্ড এবার কতদূর যেতে পারে, তার প্রথম ইঙ্গিত মিলবে এই ম্যাচে।
বিশ্বকাপের দল ঘোষণায় বেশ কয়েকটি চমক দিয়েছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ২৬ সদস্যের দলে জায়গা হয়নি ফিল ফোডেন, কোল পামার, হ্যারি ম্যাগুইয়ার ও ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের মতো পরিচিত মুখদের। তবে বাছাইপর্বে টুখেলের অধীনে দুর্দান্ত খেলেছে ইংল্যান্ড। আট ম্যাচের সবগুলো জিতে গ্রুপসেরা হয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় তারা।
দলে আছেন অভিজ্ঞ জর্ডান হেন্ডারসন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের দিনই ৩৬ বছরে পা দেবেন তিনি।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের স্মৃতি মিশ্র। ২০০৪ সালের পর বড় কোনো আসরে এটি হবে দুই দলের চতুর্থ সাক্ষাৎ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুইবারই জিতেছে ইংল্যান্ড। তবে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে অতিরিক্ত সময়ে ২-১ গোলে জয় পেয়েছিল ক্রোয়েশিয়া।
ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য ২০১৮ বিশ্বকাপের ফাইনালে ওঠা। যদিও সেখানে ফ্রান্সের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙে যায়। ২০২২ বিশ্বকাপেও সেমিফাইনালে উঠেছিল তারা, কিন্তু আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিতে হয়।
দলের প্রাণভোমরা লুকা মদ্রিচ এবারও ক্রোয়েশিয়ার মাঝমাঠের নেতৃত্ব দেবেন। এটি হতে যাচ্ছে তার পঞ্চম বিশ্বকাপ। যদিও ক্লাব মৌসুমটা তার খুব ভালো কাটেনি। চোটের কারণে মৌসুম শেষ করতে হয়েছিল আগেভাগেই। তবু দেশের হয়ে ২০০তম ম্যাচ খেলার অপেক্ষায় থাকা এই অভিজ্ঞ মিডফিল্ডার আত্মবিশ্বাসী।
মতামত দিন