ড. ইউনূসের বিচারের দাবিতে প্রেসক্লাবে প্রকৌশলীদের মানববন্ধন
দেশে হাম জ্বরে শিশু মৃত্যুর ঘটনায় ড. মুহাম্মদ ইউনূসের বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন একদল প্রকৌশলী।
সোমবার (১৮ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সচেতন প্রকৌশলী সমাজ’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া প্রকৌশলীরা অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূসের ‘অবহেলাজনিত সিদ্ধান্তের’ কারণে দেশে বিপুলসংখ্যক শিশু হাম জ্বরে আক্রান্ত হয়েছে এবং বহু শিশুর মৃত্যু ঘটেছে।
বক্তারা দাবি করেন, দেশে ৫ শতাধিক শিশুর মৃত্যু এবং ৬০ হাজারের বেশি শিশু আক্রান্ত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে তারা ‘মার্কিন গোলামী চুক্তি’ বাতিলেরও দাবি জানান।
আন্দোলনকারীদের ভাষ্য, এ ধরনের চুক্তি দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতের সংকট এবং শিশুদের অকাল মৃত্যুর দায় নীতি-নির্ধারকদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
তারা ড. মুহাম্মদ ইউনূসের ছবি সংবলিত ব্যানার ও প্রতিকৃতি প্রদর্শন করে প্রতিবাদ জানান।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, দেশের সচেতন নাগরিক হিসেবে প্রকৌশলী সমাজ যেকোনো জাতীয় সংকট ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে