Views Bangladesh Logo

দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস তাদের সমস্ত ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে।

শনিবার (৭ মার্চ) এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক জরুরি বার্তায় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই থেকে কোনো ফ্লাইট ছাড়বে না এবং কোনো ফ্লাইট সেখানে অবতরণও করবে না।

দুবাই বিমানবন্দরের ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনার পর নিরাপত্তার স্বার্থে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমিরেটস কর্তৃপক্ষ বিশেষ গুরুত্ব দিয়ে যাত্রীদের অনুরোধ করেছে যেন তারা বর্তমান পরিস্থিতিতে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা না হন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এমিরেটস জানিয়েছে যে, যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ বিষয়ে কোনো প্রকার আপস করা হবে না। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ধরার জন্য ধন্যবাদ জানিয়ে সংস্থাটি বলেছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে।

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে দুবাই বিমানবন্দরের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক এই বিমান সংস্থাটি এমন নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এর ফলে হাজার হাজার আন্তর্জাতিক যাত্রী বিভিন্ন গন্তব্যে আটকা পড়েছেন এবং বৈশ্বিক আকাশপথের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য এমিরেটস বিশেষ রি-বুকিং এবং অর্থ ফেরতের (রিফান্ড) সুবিধা ঘোষণা করেছে। যেসব যাত্রীর ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে ভ্রমণের টিকিট বুক করা ছিল, তারা চাইলে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই তাদের ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ