মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা, হামলার আশঙ্কা
পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সতর্কতা জারি করা হয়। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঝুঁকি তৈরি হলে সৌদি আরবের জাতীয় আগাম সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে সাধারণত এ ধরনের বার্তা পাঠানো হয়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করতে মক্কা নগরীর বাসিন্দাদের কাছে জরুরি বার্তা পাঠানো হয়। একই সময়ে লোহিত সাগরের উপকূলীয় গুরুত্বপূর্ণ এলাকা ইয়ানবু, তায়েফ, জেদ্দা ও তাবুক অঞ্চলেও পৃথক সতর্কতা জারি করা হয়। তবে সতর্কবার্তা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করা হয়।
সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে সৌদির এই সতর্কতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলার ঠিক আগে সাধারণত এ ধরনের সতর্কসংকেত সক্রিয় হয়ে ওঠে।
এর আগে গত সপ্তাহে সৌদি আরব অভিযোগ করে, ২০১৭ সালের পর প্রথমবারের মতো পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে হুথিরা। সৌদি বাহিনী ড্রোনটি গুলি করে ভূপাতিত করার দাবি করলেও মক্কা লক্ষ্য করে হামলার অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে হুথিরা।
এর কয়েক দিনের মধ্যেই হুথিরা কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো সৌদি রাজধানী রিয়াদে বড় ধরনের হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়েছে।
২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। সাম্প্রতিক সময়ে হুথিদের হামলা জোরদার হওয়ায় ইয়েমেনের সংঘাতও নতুন করে আঞ্চলিক উত্তেজনার সঙ্গে যুক্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরুতে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীকে পিছু হটিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখলে নেয় হুথিরা। এর ফলে সৌদি আরবের তেল রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ পথ বাব আল-মানদেব প্রণালির উপকূলীয় অঞ্চলেও তাদের নিয়ন্ত্রণ বেড়েছে বলে দাবি করা হয়েছে।
এর আগে জুলাইয়ে সৌদি আরবের নিয়ন্ত্রিত ইয়েমেনের আকাশসীমা অমান্য করে সানায় একটি ইরানি বিমান অবতরণের অনুমতি দেয় হুথিরা। এরপর ২০২২ সাল থেকে চলা ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ে এবং একের পর এক হামলা শুরু হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
পরবর্তী সময়ে সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেওয়ার পাশাপাশি দেশটির তেলবাহী ট্যাঙ্কার ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর কথা জানায় হুথিরা।
এসব ঘটনার মধ্যে মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় হঠাৎ জরুরি সতর্কতা জারি হওয়ায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে বৃহস্পতিবারের সতর্কতার পর কোনো হামলা বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, তা প্রতিবেদনে জানানো হয়নি।
সূত্র: এএফপি
মতামত দিন