হাইকোর্টে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ গঠন
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে আবেদন শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ গঠন করা হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি মো. জাকির হোসেন–এর নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন। বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় বিষয়টি উল্লেখ করা হয়।
কার্যতালিকায় বলা হয়েছে, ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক নির্বাচনী আবেদনপত্র, এ–সংক্রান্ত রুল ও অন্যান্য আবেদন গ্রহণ ও শুনানি করবেন সংশ্লিষ্ট বেঞ্চ।
আইন অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৪৫ দিনের মধ্যে নির্বাচনী অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করা যায়।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। পরদিন ২৯৭ আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়। পরে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে