Views Bangladesh Logo

সারা দেশে চলছে আচরণবিধি ভঙ্গের প্রতিযোগিতা

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রতিযোগিতা চলছে। গত ২৬ দিনে বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের সমর্থকদের দ্বারা সংঘটিত ২৭৬টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় মোট ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে বিধি ভঙ্গের অভিযোগে মামলা হয়েছে ১৭৬টি।

মঙ্গলবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম ভিউজ বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৩ জানুয়ারি ছয়টি আসনে মাত্র তিনটি মামলার বিপরীতে সর্বোচ্চ ২ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি একদিনেই আটটি মামলায় ৭২ হাজার ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ২ ফেব্রুয়ারিও প্রায় ৩ লাখ টাকাা জরিমানা করা হয়েছে বিভিন্ন আসনে।


ইসি সচিবালয় জানিয়েছে, মূলত মিছিল-সভা, পোস্টার ও বিলবোর্ড সংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের কারণেই এই দণ্ড দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। তালিকায় দেখা গেছে, পঞ্চগড়-২ আসনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে 'রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা, ২০২৫'-এর ৭ (গ) ধারা লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। এছাড়া ১৩ (গ) বিধি ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে দেশের অন্যান্য আসনেও নিয়মিত জরিমানা ও মামলা দায়ের করা হচ্ছে। তারা আরো জানায়, ঢাকা সিটির প্রায় সবগুলো আসনে বিভিন্ন দলের আচরণবিধি ভঙ্গের অভিযোগে জরিমানা করা হয়েছে।


প্রতিবেদনে উঠে এসেছে; মাদারীপুর-৩ আসনের হোসেনপুর ও বন্দরবাড়ী ইউনিয়নে টহল ও প্রচারণা চালানোর সময় বিধি ভঙ্গের দায়ে ৫শ’ টাকা করে জরিমানা এবং একটি মামলা করা হয়েছে। সাধারণ চিত্রের অনেক ক্ষেত্রে প্রার্থীর প্রতিনিধিদেরও প্রতীকী জরিমানা (যেমন: ৫শ’ টাকা) করে সতর্ক করা হচ্ছে।


নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টার ও বিলবোর্ড অপসারণসহ আচরণবিধি প্রতিপালনে সারাদেশে নিয়মিত টহল ও প্রচারণা চালানো হচ্ছে। ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রার্থীদের আইনের আওতায় আনতে কমিশনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


সমন্বয় কমিটির তথ্যমতে, যেসব আসনে আচরণবিধি ভঙ্গের প্রবণতা বেশি, সেখানে নজরদারি আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে জনসভা ও দেয়াল লিখনের ক্ষেত্রে বিধিমালা ২০২৫-এর কঠোর প্রয়োগ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ