Views Bangladesh Logo

যাত্রাবাড়ীতে বৃদ্ধাকে হত্যা, স্বর্ণালঙ্কার ও টাকা লুটের অভিযোগ

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় নিজ বাসায় শাহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ডাকাতি বা লুটপাটের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাতে বহুতল ভবনের সপ্তম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

স্বজনদের ভাষ্য, নিহত শাহিদা বেগম মালয়েশিয়াপ্রবাসী ছেলে বিল্লাল হোসেনের স্ত্রী শারমিন আক্তার। তিনি দুই নাতনির সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। শনিবার বিকেলে শারমিন বড় মেয়েকে নিয়ে তার চেম্বারে যান। দুই বছরের ছোট নাতনি দাদির সঙ্গে বাসায় ছিল।

রাত সোয়া ৯টার দিকে বাসায় ফিরে শারমিন দেখেন, ফ্ল্যাটের প্রধান দরজা বাইরে থেকে বন্ধ। দরজা খুলে ভেতরে প্রবেশ করলে শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পাশের কক্ষে দুই বছরের শিশুটি কাঁদছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সিআইডির ক্রাইম সিন ইউনিটও আলামত সংগ্রহ করে।

নিহতের স্বজনদের দাবি, ঘরের আলমারি ভাঙা ছিল। সেখান থেকে একটি শাবল ও ভাঙা কাঁচি উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এগুলো দুর্বৃত্তরা সঙ্গে করে এনেছিল। বাসা থেকে একটি স্বর্ণের চেইন, আংটি, কানের দুল এবং ৫ থেকে ৬ হাজার টাকা লুট হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, বৃদ্ধার গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ভবনটিতে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। তবে আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ