ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
রাজধানীর ডেমরা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ডালিমুন নেছা (৭৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) রাত ১০টার দিকে বড়ভাঙ্গা বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে সোহরাব উদ্দিন জানান, তাদের গ্রামের বাড়ি নালিতাবাড়ী উপজেলার সুহাগপুর গ্রামে। বর্তমানে তারা ডেমরার সারুলিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। রাতে তার মা বাসার কাছাকাছি বড়ভাঙ্গা বাইপাস সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল পেছন দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি শনাক্ত করা সম্ভব হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে