হাতিরঝিল লেক থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল লেক থেকে মো. আজিম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ৮টার দিকে হাতিরঝিলের রেইনবো ক্রসিং-সংলগ্ন ১ নম্বর সেতুর পাশের লেকে মরদেহটি ভাসতে দেখে দায়িত্বরত আনসার সদস্যরা পুলিশকে খবর দেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পানিতে ডুবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম মো. আজিম উদ্দিন (৬৫)। তিনি রাজধানীর পশ্চিম রামপুরার উলুম রোড এলাকার শিমুলবাগের ৩০৬ নম্বর বাসার বাসিন্দা ছিলেন।
মতামত দিন