রাজধানীর রমনায় ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
রাজধানীর রমনা এলাকার ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এনএসআই হেডকোয়ার্টার্সের গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে রমনা থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হাসান জানান, সকালে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন।
এসআই তানভীর হাসান আরও জানান, অসুস্থতার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।
মতামত দিন