Views Bangladesh Logo

৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় মো. হাকিম বিশ্বাস নামে এক বৃদ্ধকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত হাকিম বিশ্বাস ফরিদপুরের মধুখালী উপজেলার একটি গ্রামের বাসিন্দা। তিনি ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ আগস্ট ব্যক্তিগত কাজে মধুখালী বাজারে যাওয়ার সময় শিশুটিকে তার শ্বশুরবাড়িতে রেখে যান তার মা। বিকেল ৪টার দিকে বাড়িতে ফিরে তিনি জানতে পারেন, প্রতিবেশী হাকিম তার ছয় বছরের মেয়েকে যৌন নিপীড়ন করেছেন।

পরদিন ৩ আগস্ট শিশুটির মা মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় হাকিম বিশ্বাসকে একমাত্র আসামি করা হয়।

মধুখালী থানার উপপরিদর্শক পলাশ কুমার দাস মামলাটি তদন্ত করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

রায় ঘোষণার পর সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, আদালতের রায়ে তারা সন্তুষ্ট।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ