থাইল্যান্ডে ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ৮
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি ট্রেনের সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাসটিতে আগুন ধরে গিয়ে অন্তত আটজন নিহত এবং ২৫ জন আহত হন। শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ব্যাংককের মাককাসান এয়ারপোর্ট রেল লিঙ্ক স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে থাই সংবাদমাধ্যম 'দ্য নেশন'।
কর্মকর্তারা জানান, আসোক-দিন ডায়েং সড়কের রামা ৯ ক্রসিং ও আসোক-পেতচাবুরি ক্রসিংয়ের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। একটি ট্রেনের সঙ্গে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের এই বহুমাত্রিক সংঘর্ষের পরপরই বাসে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশে থাকা অন্যান্য যানবাহনেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায় রাতচাথেউই জেলার ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। এ সময় ফায়ার ফাইটাররা হোস পাইপের সাহায্যে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। একই সঙ্গে উদ্ধারকর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহনের ভেতর থেকে হতাহতদের উদ্ধারে কাজ শুরু করেন।
উদ্ধারকারী দল জানিয়েছে, আহত ২৫ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে