ভারতের বিহারের মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জন নিহত, আহত ১২
ভারতের বিহার রাজ্যে একটি মন্দিরে পূজা দিতে গিয়ে পদপিষ্ট হয়ে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
মঙ্গলবার (৩১ মার্চ) নালন্দার শীতলা মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়, প্রতি মঙ্গলবার শীতলা মন্দিরে শত শত ভক্ত পূজা দিতে ভিড় করেন। আজও বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তদের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি শুরু হলে পদদলনের ঘটনা ঘটে।
ঘটনার পর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিহার সরকার জানিয়েছে, নিহতদের পরিবারকে মোট ৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে ৪ লাখ এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা প্রদান করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে