৮ ধরনের আচরণ ধীরে ধীরে মানসিক সুস্থতা নষ্ট করে
অনেক সময় কিছু আচরণকে আমরা স্বাভাবিক ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বলে ধরে নিই। কিন্তু বাস্তবে এমন কিছু অভ্যাস ও আচরণ রয়েছে, যা দীর্ঘদিন সহ্য করলে আত্মবিশ্বাস কমে যায়, মানসিক চাপ বাড়ে এবং সম্পর্কও বিষাক্ত হয়ে উঠতে পারে। মনোবিজ্ঞানীরা এমন কয়েক ধরনের আচরণ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন।
১. সবকিছুর কেন্দ্রবিন্দু হতে চাওয়া ব্যক্তি
এ ধরনের মানুষ সব আলো নিজের দিকে টেনে নিতে চান। আপনি কোনো অর্জনের কথা বললে তারা সেটিকে গুরুত্ব না দিয়ে নিজেদের গল্প শুরু করেন কিংবা আপনার সাফল্যকে ছোট করে দেখানোর চেষ্টা করেন। ফলে ধীরে ধীরে আপনার মনে হতে পারে, আপনার অনুভূতি বা সাফল্যের কোনো মূল্য নেই।
২. বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করে এমন ব্যক্তি
কিছু মানুষ এমনভাবে ঘটনা বা কথাবার্তা অস্বীকার করেন যে আপনি নিজের স্মৃতি ও বিচারবুদ্ধি নিয়েই সন্দিহান হয়ে পড়েন। তারা প্রায়ই বলেন, "এটা তো আমি বলিনি" বা "তুমি ভুল বুঝেছ।" বারবার এমন ঘটলে নিজের ওপর আস্থা কমে যেতে পারে।
৩. মানসিকভাবে ক্লান্ত করে দেওয়া মানুষ
এরা সবসময় অভিযোগ, হতাশা কিংবা নেতিবাচক বিষয় নিয়েই ব্যস্ত থাকেন। সমস্যার সমাধানের চেয়ে সমস্যা নিয়েই বেশি আলোচনা করেন। তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর পরই নিজেকে অবসন্ন ও মানসিকভাবে ভারাক্রান্ত মনে হতে পারে।
৪. সবসময় সমালোচনায় ব্যস্ত ব্যক্তি
আপনি যত ভালো কাজই করুন না কেন, এ ধরনের মানুষ ত্রুটি খুঁজে বের করবেই। প্রশংসার বদলে তারা শুধু ভুলের দিকেই নজর দেন। নিয়মিত এমন সমালোচনার মুখোমুখি হলে আত্মবিশ্বাস কমে যায় এবং নতুন কিছু করার আগ্রহও হারিয়ে যেতে পারে।
৫. অপরাধবোধকে অস্ত্র হিসেবে ব্যবহারকারী
এরা সরাসরি কিছু চাইতে চান না। বরং এমন পরিস্থিতি তৈরি করেন যাতে আপনি 'না' বলতে সংকোচ বোধ করেন। নিজের প্রয়োজন বা সিদ্ধান্তকে গুরুত্ব দিলে তারা আপনাকে অপরাধী মনে করানোর চেষ্টা করেন। এতে ধীরে ধীরে আপনি নিজের সীমারেখা রক্ষা করতে দ্বিধায় পড়ে যান।
৬. অন্যের সাফল্যে অস্বস্তি বোধ করা ব্যক্তি
আপনার ভালো খবর তাদের আনন্দ দেয় না। বরং তারা ঠান্ডা প্রতিক্রিয়া দেখান, কটাক্ষ করেন অথবা আপনার অর্জনের গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেন। অনেক সময় এই আচরণের পেছনে তাদের নিজের নিরাপত্তাহীনতাই কাজ করে।
৭. পরচর্চায় অভ্যস্ত মানুষ
যারা নিয়মিত অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেন, তাদের ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। কারণ যে ব্যক্তি আপনার সামনে অন্যের সমালোচনা করেন, তিনিই অন্যের সামনে আপনার সম্পর্কেও একই কাজ করতে পারেন। এই অভ্যাস সম্পর্কের বিশ্বাস নষ্ট করে এবং অপ্রয়োজনীয় দ্বন্দ্ব তৈরি করে।
৮. পরোক্ষভাবে আঘাত করা ব্যক্তি
এরা সরাসরি অসন্তোষ প্রকাশ করেন না। ব্যঙ্গ, খোঁচা, নীরবতা, কৃত্রিম প্রশংসা বা ইঙ্গিতপূর্ণ কথার মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। ফলে সমস্যার সমাধান না হয়ে ভুল বোঝাবুঝি আরও বাড়তে থাকে।
কেন সচেতন থাকা জরুরি?
সব নেতিবাচক আচরণই ইচ্ছাকৃত হয় না। অনেক ক্ষেত্রে এগুলোর পেছনে ব্যক্তির নিজস্ব মানসিক চাপ, অনিরাপত্তাবোধ বা অতীত অভিজ্ঞতা কাজ করতে পারে। তবে কোনো আচরণ যদি বারবার আপনার আত্মসম্মান, মানসিক শান্তি বা সুস্থ সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, তাহলে সীমারেখা তৈরি করা এবং প্রয়োজন হলে সেই সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখাই হতে পারে সবচেয়ে স্বাস্থ্যকর সিদ্ধান্ত।
মতামত দিন