ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা শুরু করেছেন মানুষ
পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের যাত্রা শুরু হলেও এখনো ঢাকায় ফেরার চাপ বা ভিড় তেমন দেখা যায়নি। সোমবার (১ জুন) থেকে সরকারি-বেসরকারি অফিস-আদালত খুলে যাওয়ার কথা থাকলেও রাজধানীর বাস টার্মিনাল ও সড়কগুলোতে রয়েছে তুলনামূলক ফাঁকা অবস্থা।
রোববার রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, অন্যান্য সময়ের মতো তীব্র ভিড় নেই। ধীরে ধীরে মানুষ ঢাকায় ফিরতে শুরু করলেও একসঙ্গে চাপ না থাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।
সংশ্লিষ্ট পরিবহনকর্মী ও যাত্রীরা জানান, ঈদের আগে বাড়ি যাওয়ার সময় যে ভিড় ছিল, ফেরার সময় তা অনেকটাই কম। অনেকেই এখনো গ্রামে অবস্থান করছেন, ফলে ফিরতি যাত্রা ধাপে ধাপে চলছে।
চাকরিজীবী সায়েদ আহমেদ বলেন, ফেরার পথে কোনো ভিড় পাইনি, স্বস্তিতেই ঢাকায় ফিরেছি।
গোপালগঞ্জ থেকে আসা ব্যবসায়ী হেলাল হোসেন জানান, অনেকে এখনো গ্রামেই আছেন, তাই চাপ কম। তবে কয়েক দিনের মধ্যে ঢাকায় মানুষের চাপ বাড়বে।
পরিবহন শ্রমিকদের মতে, চলতি সপ্তাহজুড়েই ধীরে ধীরে রাজধানীতে মানুষের ফেরার হার বাড়বে। অফিস-আদালত পুরোপুরি চালু হলে এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুললে রাজধানী আবারও তার স্বাভাবিক ব্যস্ত রূপে ফিরবে।
সায়েদাবাদ টার্মিনালের এক বাইক রাইডার জানান, সকাল থেকে যাত্রী আগমন শুরু হলেও এখনো চাপ নেই। তবে আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক ব্যস্ততায় ফিরবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে