আর্জেন্টিনার বিপক্ষে রেফারিং নিয়ে ফিফাকে মিসরের চিঠি, তদন্তের দাবি
বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিলেও ম্যাচে রেফারির বেশ কিছু সিদ্ধান্তকে ‘পক্ষপাতমূলক’ ও ‘ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। একই সঙ্গে ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বিরুদ্ধে তদন্তের দাবিও তুলেছে তারা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ এক প্রতিবেদনে জানায়, ইএফএ-এর সভাপতি হানি আবু রিদা ফিফাকে পাঠানো এক চিঠিতে রেফারির বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান করেছেন।
ম্যাচ শেষ হওয়ার পর থেকেই মিসরীয় শিবিরে ক্ষোভের আগুন জ্বলছিল। দলটির প্রধান কোচ হোসাম হাসান ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, ভাগ্যনির্ধারণী কয়েকটি সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। এবার সেই একই সুর টেনে ইএফএ সভাপতি আবু রিদা লিখিত আবেদনে দাবি করেছেন, ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার সহযোগী রেফারিং প্যানেলকে ২০২৬ বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে দায়িত্ব না দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।
আবু রিদা বলেন, ‘ম্যাচে রেফারির উপর্যুপরি ভুল সিদ্ধান্ত সরাসরি ফলাফলে প্রভাব ফেলেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর একটি সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি।’
ফিফার কাছে পাঠানো অভিযোগপত্রে মিসর মূলত দুটি সুনির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেছে। প্রথম ঘটনাটি ঘটে ম্যাচের ৬২তম মিনিটে, যখন মোস্তফা জিকোর একটি গোল ভিএআর পর্যালোচনার পর বাতিল করেন রেফারি। লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করার অভিযোগে গোলটি বাতিল হলেও মিসরের দাবি—সেখানে কোনো ফাউলই ছিল না। দ্বিতীয় বিতর্কটি তৈরি হয় ইনজুরি টাইমে আর্জেন্টিনার জয়সূচক গোলটি নিয়ে। মিসরের অভিযোগ, এনজো ফার্নান্দেজ গোল করার ঠিক আগে তাদের এক ফুটবলার ফাউলের শিকার হলেও রেফারি খেলা চালিয়ে যান এবং আশ্চর্যজনকভাবে বিষয়টি ভিএআরে দেখারও প্রয়োজন মনে করেননি।
মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি, প্রায় একই ধরনের দুটি পরিস্থিতিতে রেফারি সম্পূর্ণ দ্বিমুখী সিদ্ধান্ত নিয়েছেন, যার খেসারত দিতে হয়েছে তাদের এবং সরাসরি ম্যাচের ভাগ্য বদলে গেছে। তবে মিসরের এই আনুষ্ঠানিক চিঠির পরিপ্রেক্ষিতে ফিফার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
মতামত দিন