Views Bangladesh Logo

ম্যাচের দিনই ডালাসে পুলিশের সঙ্গে হাতাহাতিতে মিসরের কোচিং স্টাফ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ছোট্ট ভক্তের খুশির যেন সীমা নেই, চোখেমুখেই ফুটে উঠেছে তা। ছবির জন্য প্রস্তুত মিসরের ফুটবলার ত্রেজেগে, প্রস্তুত ক্যামেরাম্যানও। ঠিক এমন সময়েই হঠাৎ পুলিশের বাধা। আর সেই বাধাকে কেন্দ্র করেই ডালাস পুলিশের সঙ্গে হট্টগোলে জড়িয়ে পড়েন মিসরের কোচিং স্টাফ। আফ্রিকার দলটি যে হোটেলে অবস্থান করছে, সেখানেই আজ ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।

ঘটনার ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, ছবি তুলতে বাধা দেওয়া নিয়ে শুরু হওয়া কথা–কাটাকাটি একপর্যায়ে রূপ নেয় ধাক্কাধাক্কিতে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ ও আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, পুলিশের আচরণে প্রথমে ক্ষোভ প্রকাশ করেন মিসরের কোচ হোসাম হাসানের ভাই ইব্রাহিম হাসান। পুলিশের বাধায় ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত কর্মকর্তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেখানে তাকে ধাক্কাও দেওয়া হয়। এরপর ঘটনায় জড়িয়ে পড়েন প্রধান কোচ হোসাম হাসান নিজেও; পুলিশ সদস্যদের সঙ্গে হাতাহাতি হয় তারও।

ভিডিও ফুটেজে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তা অত্যন্ত আক্রমণাত্মকভাবে তেড়ে যান মিসর দলের সদস্যদের দিকে। তখন সেই কর্মকর্তার সহকর্মীরাই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে আশপাশের মানুষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কোচ হোসাম হাসানকে সরিয়ে নেওয়া হয় ঘটনাস্থল থেকে।

এমন অস্বস্তিকর ঘটনার দিনই মাঠে নামছে মিসর। শেষ ৩২ দলের রাউন্ডে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ