Views Bangladesh Logo

রাজধানীর বাজারে ডিম-মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, বেড়েছে আটা-চিনিও

রাজধানীর বাজারে দীর্ঘদিন ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম, মাছ ও মুরগি। এর সঙ্গে আটা ও চিনির দামও বেড়েছে। তবে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে বিভিন্ন ধরনের সবজির দাম।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) কারওয়ান বাজার, বাড্ডা ও মহাখালীর বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বাজারসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মাসের বেশি সময় ধরে রাজধানীতে ডজন ডিম ১৫০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। এর আগে একই পরিমাণ ডিমের দাম ছিল ১৩০ থেকে ১৪০ টাকার মধ্যে।

মাছের বাজারেও কমেনি দাম। প্রতি কেজি তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকা এবং রুই ও কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা দরে বিক্রি হচ্ছে। চিংড়ির দাম প্রকারভেদে ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত। এ ছাড়া ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে।

মুরগির বাজারেও ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের দামও কেজিতে ৮০০ থেকে ৮৫০ টাকার মধ্যে রয়েছে।

এদিকে আটা ও চিনির দামও আগের তুলনায় বেড়েছে। দুই কেজির প্যাকেটজাত আটা ১৩০ টাকা এবং খোলা আটা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক মাস আগে খোলা আটার দাম ছিল ৪৫ টাকা। অন্যদিকে প্রতি কেজি চিনি এখন ১২০ থেকে ১২৫ টাকা, যা আগে প্রায় ১১০ টাকা ছিল।

তবে সবজির বাজারে তুলনামূলক স্বস্তি দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজির দাম কিছুটা কমেছে। বর্তমানে বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ