প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে জরুরি ভিত্তিতে ডেকে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের বৈঠক শুরু হয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো, শিক্ষার্থীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত কিংবা শিক্ষামন্ত্রীর পদ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
এর আগে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং পুনঃপরীক্ষাসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও গেটে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
সেখান থেকে শিক্ষার্থীরা আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে সড়ক অবরোধ করেন। পরে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা এবং বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা।
মতামত দিন