কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দা প্রধানসহ নিহত ৭
কেনিয়ার উত্তরাঞ্চলীয় সাম্বুরু কাউন্টিতে একটি পর্যটকবাহী সাফারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন মার্কিন নাগরিকসহ মোট সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মার্কিনভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম টেলিমুন্ডোর এক শীর্ষ নির্বাহী এবং ইকুয়েডরের গোয়েন্দা প্রধানও রয়েছেন।
কেনিয়া পুলিশ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টা ১৩ মিনিটে ‘লেডি লরি হেলিকপ্টার্স’ পরিচালিত ‘ইউরোকপ্টার ইসি১৩০ বি৪’ মডেলের হেলিকপ্টারটি লোইসাবা কনজারভেন্সি থেকে ইওয়াসো নাইরো এলাকার উদ্দেশে যাত্রা করে। ট্রাভেল এজেন্সি ‘অ্যান্ডবিয়ন্ড’-এর অতিথিদের নিয়ে যাওয়ার পথে জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাউন্ট ওলোলোকওয়ের পাদদেশের পাহাড়ি এলাকায় এটি বিধ্বস্ত হয়।
লেডি লরি হেলিকপ্টার্স জানিয়েছে, দুর্ঘটনার পরপরই অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে সহায়তার জন্য দুটি হেলিকপ্টার পাঠায় ট্রপিক এয়ার কেনিয়া।
এ ব্যাপারে সাম্বুরু পুলিশ কমান্ডার ডেভিড এনকোরোই জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার নিহতদের মধ্যে পাঁচজন যুক্তরাষ্ট্রের নাগরিক। তাদের সার্বিক সহায়তায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে মার্কিন দূতাবাস।
এ ছাড়াও দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
মিয়ামির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিহত মার্কিনদের মধ্যে এনবিসিইউনিভার্সালের মালিকানাধীন স্প্যানিশ ভাষী সংবাদমাধ্যম 'টেলিমুন্ডো'র ফ্লোরিডা নেটওয়ার্কের প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার ৫৫ বছর বয়সী হোসে সুয়ারেজ রয়েছেন।
যৌথ বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে এনবিসিইউনিভার্সাল ও টেলিমুন্ডো কর্তৃপক্ষ।
এদিকে ইকুয়েডর সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এ দুর্ঘটনায় দেশটির জাতীয় গোয়েন্দা কেন্দ্রের পরিচালক এবং প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার ঘনিষ্ঠ সহযোগী মিশেল সেন্সি-কনটুগি নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার স্ত্রী স্টেফানি হলিহানও মারা গেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গোয়েন্দা প্রধানের পরিবার, প্রিয়জন ও ঘনিষ্ঠ সহযোগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে ইকুয়েডরের প্রেসিডেন্সি।
পর্যটননির্ভর দেশ কেনিয়ার দুর্গম অঞ্চলে বিমান ও হেলিকপ্টার ব্যবহারের প্রবণতা বেশি থাকায় হরহামেশাই এমন প্রাণহানির ঘটনা ঘটছে; যার ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতেও পাহাড়ি এলাকায় অনুরূপ এক দুর্ঘটনায় এক আইনপ্রণেতাসহ ছয়জন প্রাণ হারিয়েছিলেন।
সূত্র: এপি
মতামত দিন