নির্বাচনে রোহিঙ্গাদের বিষয়ে কঠোর অবস্থানে ইসি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্বার্থান্বেষী মহল রোহিঙ্গাদের নাশকতামূলক কর্মকাণ্ড, জাল ভোট প্রদান বা পেশিশক্তি হিসেবে ব্যবহার করতে পারে—এমন গোয়েন্দা আশঙ্কায় ক্যাম্পগুলোকে কার্যত ‘লকডাউন’ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহষ্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে আরসা, আরএসও এবং আরাকান আর্মির মতো সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ও অবৈধ অস্ত্রের উপস্থিতি নির্বাচনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে পারে। বিশেষ করে RCPR বা Ro-FDMN RC-এর মতো সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোর মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছড়িয়ে সীমান্ত এলাকায় আতঙ্ক সৃষ্টির ঝুঁকি দেখছে ইসি।
সংস্থাটি মূলত চারটি সুনির্দিষ্ট ঝুঁকি চিহ্নিত করেছে। এর মধ্যে প্রার্থীদের পক্ষে প্রচারণায় রোহিঙ্গাদের অবৈধ ব্যবহার। অর্থের বিনিময়ে জাল ভোট প্রদান। ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি। সশস্ত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা তৈরি।
এছাড়া ঝুঁকি মোকাবিলায় ইসি ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। নির্বাচনের আগে ও ভোটের দিন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একইসাথে ক্যাম্পের ভেতরে সব ধরনের যানবাহন (সিএনজি, অটো, মোটরবাইক) চলাচল বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে। জনসমাগম এড়াতে বালুখালী, লেদা ও নয়াপাড়ার মতো বড় বাজারগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে এবং এনজিও কর্মীদের যাতায়াত সীমিত করা হবে।
চেকপোস্টগুলোতে শতভাগ পরিচয় যাচাই ও তল্লাশি নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া ক্যাম্পের অভ্যন্তরে সভা-সমাবেশ নিষিদ্ধ এবং সোশ্যাল প্ল্যাটফর্মগুলো নিবিড় পর্যবেক্ষণে থাকবে। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযানের পাশাপাশি তাৎক্ষণিক বিচার নিশ্চিতে ক্যাম্পে পর্যাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোবাইল কোর্ট মোতায়েন থাকবে।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। তাদের ব্যবহার করে কেউ যেন ১২ ফেব্রুয়ারির জনরায়কে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে কমিশন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে