বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৯ মার্চ) ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ওই দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা প্রয়োজন।
এ প্রেক্ষিতে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে ইসি।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে জয়ী হন বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে একাধিক আসনে নির্বাচিত হওয়ায় তিনি ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে নতুন তফসিল দেয় ইসি।
অন্যদিকে গত জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়। পরে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে