সংরক্ষিত নারী আসনে নুসরাতকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৫ মে) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ইসি যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান। তিনি জানান, সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সোমবার তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় এবং আজ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
এদিকে, একই জোটের অপর প্রার্থী এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র সরকারি চাকরি সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন কমিশন বাতিল করেছে বলে জানা গেছে।
নুসরাত তাবাসসুমের প্রার্থী হওয়ার পথটি সহজ ছিল না। গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে কাগজপত্র জমা দেওয়ায় রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণে অস্বীকৃতি জানান। পরবর্তীতে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত তার মনোনয়নপত্র গ্রহণ এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।
আদালতের সেই নির্দেশনার প্রেক্ষিতে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করে এবং গত ২ মে যাচাই-বাছাই শেষে তা বৈধ বলে ঘোষণা করা হয়। অবশেষে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আজ তাকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হলো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে